স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা সদর হাসপাতালে বিশেষজ্ঞ ও আবাসিক মিলে চিকিৎসকের মোট ৩৬ পদের মধ্যে ১৯ পদই রয়েছে শূন্য। এরপরও গতিশীল ব্যবস্থাপনা ও মানসম্মত সেবার প্রশ্নে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে শ্রেষ্ঠত্বের দৌড়ে- এমন তথ্য উঠে এসেছে ১৯ জুন রবিবার বিকেলে জেলা সদর হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়।
ওই সভায় জানানো হয়, ১শ শয্যার হাসপাতালে বর্তমানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে প্রায় ২ থেকে আড়াইশ রোগীকে। আর চিকিৎসা সেবার জন্য হাসপাতালের বিশেষজ্ঞ ও আবাসিক মিলে মোট ৩৬ চিকিৎসকের পদ থাকলেও এখনও শূন্য রয়েছে ১৯টিই। ফলে চিকিৎসা সেবাদানের ক্ষেত্রে কর্তৃপক্ষকে বহন করতে হচ্ছে বিশাল চাপের বোঝা। এরপরও দায়িত্বশীল ব্যবস্থাপনার কারণে চিকিৎসাসেবার মান দিন দিন উন্নতির দিকেই ধাবিত হচ্ছে। এখানে প্রতিদিন সিজারসহ নানা জটিল অপারেশনও হচ্ছে। নানা পরীক্ষা-নিরীক্ষা খাতে প্রতি মাসে হাসপাতালের আয় হচ্ছে ৪-৫ লাখ টাকা। যে কারণে ইতোমধ্যে হাসপাতালটি জাতীয়ভাবে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ২১তম স্থান লাভ করেছে। হাসপাতালের ইতোপূর্বের সেবিকা পদ ৩৪ থেকে ৬৪ তে উন্নীত করা হয়েছে। এখন চিকিৎসক সংকটই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
চিকিৎসকদের ওই শূন্য পদগুলো দ্রুত পূরণ হলে চিকিৎসা সেবায় জেলা সদর হাসপাতাল নিঃসন্দেহে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে যাবে। এছাড়া নির্মাণাধীন আড়াইশ শয্যার সপ্তম তলা হাসপাতাল ভবনটি আগামী এক বছরের মধ্যে চালু হলে সেক্ষেত্রেও জেলায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা অনেকটাই নিশ্চিত হবে।
জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি, জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, বিশেষ আমন্ত্রণে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, প্রকাশ দত্ত, নাসরিন রহমান, কোহিনুর বেগম বিদ্যুৎ, আরএমও মোবারক হোসেন প্রমুখ।
পরে আয়োজিত ইফতার পার্টিতে কমিটির কর্মকর্তাদের সাথে আরও যোগ দেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, এএসপি (সার্কেল) খন্দকার লাবণী, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সাধারণ সম্পাদক ও বিএমএ‘র সাবেক সভাপতি ডাঃ এটিএম মামুন জোশ, রাজনীতিক-সমাজসেবক আবুল হাশেম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।
























