স্টাফ রিপোর্টার : তথ্য প্রযুক্তি’র যুগে এক ধাপ এগিয়ে যেতে শেরপুর প্রেস ক্লাবকে ওয়াই-ফাই জোনের আওতাভুক্ত করা হয়েছে। এ ওয়াই-ফাই জোনের আওতায় আনতে সার্বিক সহযোগিতা করেছেন শেরপুরের তরুণ শিল্পপতি মো. আনিসুর রহমান। তিনি ২৭ মে শুক্রবার রাতে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের নির্বাহী কমিটি’র নেতৃবৃন্দের হাতে ব্রডব্যান্ড সংযোগসহ একটি কম্পিউটার সেট, ইউপিএস ও প্রিন্টার প্রদান করেন ।
ওইসময় শুভেচ্ছা বক্তব্যে শিল্পপতি আনিসুর রহমান বলেন, সারা বিশ্ব এখন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্ব-স্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের জাতির বিবেক সাংবাদিক সমাজকে এ তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশের গঠনমূলক, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ পরিবেশন এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রার খবরাখবর সাংবাদিকতার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। আর এজন্য তথ্য প্রযুক্তির বিকল্প নেই। শেরপুরকে এখন আর মফস্বল শহর বলার অবকাশ নেই। তথ্য প্রযুক্তি এখন প্রত্যন্ত গ্রাম-গ্রঞ্জে প্রবেশ করেছে। তাই শেরপুর জেলা তথা শেরপুর প্রেসক্লাবে তথ্য প্রবাহ আরও গতিশীল এবং সহজলভ্য হোক তা আমি চাই।
শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম আধার শেরপুর প্রেসক্লাবকে ওয়াই-ফাই জোনের আওতায় আনতে সহযোগীতা করার জন্য শিল্পপতি আনিসুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, শেরপুর প্রেসক্লাবে ওয়াই-ফাই জোনের আওতায় এসে তথ্য প্রযুক্তিতে আরো এগিয়ে যাওয়ার মাইল ফলক নির্মান হলো। অতিশিঘ্রই এ ওয়াই-ফাই জোন চালু করে শেরপুরের সাংবাদিকদের দ্রুত খবর প্রেরণসহ অন্যান্য সুযোগ-সুবিধার দ্বার উন্মোচন করা হবে।
ওইসময় শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি ও শেরপুর টাইমস সম্পাদক শাহরিয়ার মিল্টন, যুগ্ম-সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, কোষাধ্যক্ষ আবুল হাশিম, নির্বাহী সদস্য রফিক মজিদ ও মাসুদ হাসান বাদল এবং সন্মানিত অতিথি’র মধ্যে শেরপুর টাইমস ডটকমের নির্বাহী সম্পাদক মহিউদ্দিন সোহেল, তরুন শিল্পপতি জাকির হোসেন বাচ্চু, হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।
























