স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি বোরোধান সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য বিভাগ। ২৬ মে বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। পরে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
ওইসময় ইউএনও তরফদার সোহেল রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফারুক হোসেন পাটোয়ারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক, সম্পাদক ফজলুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জেলা খাদ্য গুদামে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন করে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত ২৩ টাকা কেজি দরে শেরপুর সদর উপজেলায় ৩ হাজার ৪০৬ মেঃ টন এবং নালিতাবাড়ী উপজেলায় ৩ হাজার ২৫৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তিনি বলেন, প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনি¤œ ৪০ কেজি ধান ক্রয় করা হবে। প্রথম দিনে নালিতাবাড়ীতে ৪ মেট্রিকটন ও শেরপুর সদরে ১৮ মেঃ টন ধান সংগ্রহ করা হয়েছে বলে জানান হয়।
























