ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ সম্পর্কে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। প্রেসব্রিফিংয়ে বর্তমান সরকারের ৭ বছরের সাফল্য অর্জন উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিত করণের লক্ষ্যে বিশদ আলোচনা করেন জেলা তথ্য অফিসার মোঃ জামাল উদ্দিন, তথ্য অফিসার মোঃ আল ফয়সাল। বক্তারা বলেন, জনগণের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ওই প্রকল্পের আওতায় বহু মানুষের কর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন। নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ৩০টি ইকোনোমিক প্রকল্প হাতে নেয়া হয়েছে। এতে ১ কোটি কর্মহীন মানুষের কর্মসংস্থান হবে। শিক্ষা প্রসারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বিদ্যুৎতের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করা হচ্ছে। রাস্তা-ঘাট উন্নয়নে ব্যাপক পরিকল্পনা রয়েছে সরকারের।




