শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে ২ কৃষক নিহত হয়েছেন। ৭ মে শনিবার বিকেলে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ ষাইট কাকড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে আলম মিয়া (৪০) ও বন্দ ধাতুয়া গ্রামের শামসুল আলমের ছেলে লালু মিয়া (৪২)।
জানা যায়, শনিবার বিকেলে গুড়িগুড়ি বৃষ্টির সময় বাড়ির পাশে ক্ষেতে ধানকাটারত অবস্থায় কৃষক লালু মিয়া এবং গাছের নিচে আশ্রয় নেয়া আলম মিয়ার ওপর বজ্রপাত ঘটে। গুরুতর অবস্থায় তাদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























