শেরপুরের ১৪ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন : চলছে গণনার কাজ

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরের ১৪ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন : চলছে গণনার কাজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic 2স্টাফ রিপোর্টার : কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চতুর্থ দফার আওতায় শেরপুর সদরের অবশিষ্ট ৭টি ইউনিয়ন ও সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৭ মে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ওই ভোটগ্রহণ চলে। সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ভোটকেন্দ্রগুলোতে অন্যান্য দিনের তুলনায় শুরুর প্রাক্কালে ভোটার উপস্থিতি কম হলেও ১০টার মধ্যেই ভোটারে পরিপূর্ণ হয়ে ওঠে কেন্দ্রগুলো। পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের সারিবদ্ধ লাইনে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বিকেল ৩টার দিকে যখন ভোটকেন্দ্রগুলো প্রায় ভোটারশূন্য, ঠিক তখন বৃষ্টি নামার কারণে অঘোষিতভাবেই বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। কারণ বৃষ্টির পূর্বাহ্নে কেন্দ্রে উপস্থিত ভোটার ছাড়া নতুন করে কোন ভোটারকেই আর কেন্দ্রে আসতে দেখা যায়নি। এরপরও প্রার্থী-সমর্থকদের তৎপরতা আর ভোটারদের বিপুল উৎসাহ-উদ্দীপনায় কেন্দ্রগুলোতে গড়ে ভোট পড়েছে ৭০ থেকে ৮০ ভাগ।
উল্লেখ্য, দুই উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বারী চাঁন ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শনিবার চেয়ারম্যান পদে নির্বাচন হয় ১৩ ইউনিয়নে। নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ শেরপুর সদরে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী এবং ঝিনাইগাতীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৩৩ হাজার ১শ ৭০ জন। ভোটকেন্দ্র ৭৩টি ও বুথ সংখ্যা ৩৩৪টি। আর ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ১৯ হাজার ৮শ ১০ জন। ভোটকেন্দ্র ৬৯ টি ও বুথ সংখ্যা ৩৮০টি।
শেরপুর সদরের যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় সেগুলো হচ্ছে কামারিয়া, বাজিতখিলা, পাকুড়িয়া, ধলা, রৌহা, ভাতশালা ও গাজীরখামার ইউনিয়ন। এর মধ্যে কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদ ব্যতীত কেবল সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী উপজেলার সবকটি ইউনিয়নেই নির্বাচন হয় একই সাথে। ইউনিয়নগুলো হচ্ছে ঝিনাইগাতী সদর, কাংশা, নলকুড়া, ধানশাইল, গৌরীপুর, মালিঝিকান্দা ও হাতীবান্ধা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে প্রিজাইডিং কর্মকর্তা ও ইউপি সদস্য প্রার্থীর কারাদন্ড পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বজ্রপাতে ২ কৃষক নিহত

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads