ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : নিখোঁজ হওয়ার ৫ দিন পর শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাগড়া সোনারপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চাঁন মিয়া স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া সোনারপাড়া গ্রামের চাঁন মিয়া ২ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন। সোমবার সন্ধ্যায় একই গ্রামের শাহজাহান মিয়ার একটি পরিত্যক্ত ঘর থেকে চাঁন মিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। শাহজাহান মিয়া পরিবার-পরিজন নিয়ে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করায় দীর্ঘদিন ধরে তার ঘরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সোমবার বিকেলে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে লোকজন একজনের ফাঁস দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি ঝিনাইগাতী থানায় জানানো হলে সন্ধ্যায় ঘরটির দরজা ভেঙে পুলিশ চাঁন মিয়ার মৃতদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে সেটি হত্যা না আত্মহত্যা।























