নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা বকুলের মধ্যে পারস্পরিক ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় শিক্ষিকা রেবেকা সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় নালিতাবাড়ীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৪ অক্টোবর রবিবার বেলা সাড়ে এগাটোর দিকে পূর্ব আক্রোশের জের ধরে বিদ্যালয় পাঠাগারে একা পেয়ে শিক্ষক সাইফুল ইসলামকে আকস্মিক আক্রমণ করে বসে রেবেকা। ওইসময় উপায়ান্তর না পেয়ে সাইফুল দপ্তরিকে ডেকে চিৎকার করে। ডাক-চিৎকার শুনে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসে। এসময় রেবেকা গ্লাস ভেঙ্গে নিজের পেটে ঢুকিয়ে দিতে চাইলে শিক্ষকরা ফিরিয়ে নেন। কিন্তু ততণে সাইফুল-রেবেকা উভয়ে ধস্তাধস্তি করে রেবেকা বেশ আহত হয়। এ ঘটনায় ওইদিন বিকেলেই রেবেকা সুলতানা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং পরদিন রাতে সাইফুলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় নালিতাবাড়ী জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার ঝড় বইছে।
বিদ্যালয় সংশিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, এর আগে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন সময় সমালোচনা ও বিতর্ক হয়েছে। বিষয়টিকে অনেকেই ভালো চোখে দেখতেন না। মূলত এ সম্পর্কে টানাপোড়েন ও উভয়ের মধ্যে অর্থনৈতিক বিরোধ নিয়ে বিদ্যালয়ে পারস্পরিক এ ধস্তাধস্তির মতো ন্যাক্কারনজক ঘটনা ঘটে। এই ঘটনায় শিক্ষক সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুক্তি মাহমুদ জানান, এ ঘটনায় রেবেকা সুলতানা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ৫ অক্টোবর সোমবার রাতে মামলা দায়ের করেছেন।























