নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলস পাড় ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গির আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদের সামনে বালুঘাট বাজারে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেয় এবং চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শ্লোগান দেয়। পরে ইউপি ভবনের সামনে চেয়ারম্যানের পক্ষে বক্তব্য রাখেন তার স্ত্রী কনিকা আক্তার কনা।
জানা যায়, চলতি বছরের ১০ জুলাই ভিজিএফ এর চাল বিতরণের সময় অনেক কার্ডধারী সুবিধাভোগী সদস্য চাল নিতে না আসায় তাদের বরাদ্দের ৬৫০ কেজি চাল (সাড়ে ১৩ বস্তা) উদ্বৃত্ত হয়। নিয়মানুযায়ী ওই চাল পরের দিন বিতরণ করার কথা থাকালেও পূর্ব শক্রতার জের ধরে একটি কুচক্রি মহল ওই এলাকার আওয়ামীল নেতা ওয়াজ কুরুনী ও বাক্কার পুলিশ এনে চালগুলো চোরাই বলে আখ্যায়িত করে জব্দ করে থানায় পাঠায়। পরে এ ঘটনায় স্থানীয় কৃষি কর্মকর্তা শরিফ ইকবালকে দিয়ে ভিজিএফ এর চাল আত্মসাত ও চুরির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। এর পর থেকেই ওই চেয়ারম্যান পলাতক রয়েছেন। স্থানীয়রা জানায়, ওই চালের প্রাপ্য কার্ডধারী ব্যক্তিরা কোন অভিযোগ দেয়নি। বরং তারা তাদের নিজস্ব কাজের জন্য সময় মতো চাল উত্তোলন করতে পারেনি বলে জানালেও পুলিশ তা আমলে না নিয়ে মামলা এজাহার ভুক্ত করেন।




