শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের ওপর সচেতনতা বাড়াতে শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সেবা সপ্তাহ। উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম স্মৃতি অডিটরিয়ামে ৯ সেপ্টেম্বর বুধবার দুই দিনব্যাপি এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম ও উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায় প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারিসহ নানা পেশার মানুষ। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল মেলায় আসা তথ্য প্রযুক্তির ওপর স্টলগুলো পরিদর্শন করেন।
























