স্টাফ রিপোর্টার : শেরপুরে অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রী গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২ টার দিকে শহরের রঘুনাথ বাজার এলাকায় এ্যাম্বুলেন্সে বহন করা অবস্থায় ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নূরানী আক্তার হিমু (২৫) শেরপুর শহরের মধ্যশেরী শিংপাড়া মহল্লার সাইদ মিয়ার স্ত্রী ও শেরপুর সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের অর্নাস শেষবর্ষের ছাত্রী। ওই ঘটনায় ওই গৃহবধুর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তার স্বামী সাইদ মিয়াকে আটক করেছে।
মৃত কলেজ ছাত্রীর বাবা আব্দুল হালিম ও মা বিউটি আক্তারের অভিযোগ, হিমুর স্বামী একজন জুয়াড়ি। সে আইপিএল নামে ক্রিকেট জুয়ার সাথে জড়িত। সে টাকার জন্য মাঝে-মধ্যেই হিমুকে শারীরিকভাবে নির্যাতন করতো। টাকার কারণে শারীরিক নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা স্বামী সাইদ মিয়ার দাবি, তার স্ত্রী হিমু বিষপানে আত্মহত্যা করেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানিয়েছেন, ঘটনা তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাইদকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




















