স্টাফ রিপোর্টার : শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের মামলায় মোখলেস উদ্দিন (২৫) নামে এক পাষন্ড স্বামীকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ সরকার হাসান শাহরিয়ার ওই সাজার আদেশ দেন। একইসাথে আদালত মোখলেস উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন।
জানা যায়, ২০১২ সালের শেষ দিকে নকলা উপজেলার উরফা গ্রামের দিনমজুর আক্কাস আলীর মেয়ে আকলিমা খাতুনের বিয়ে হয় পার্শ্ববর্তী ছাতুগাঁও গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোখলেস উদ্দিনের সাথে। কিন্তু বিয়ের এক বছর না যেতেই স্বামী মোখলেস স্ত্রী আকলিমার প্রতি যৌতুক দাবিতে নির্যাতন শুরু করে। ওই অবস্থায় ২০১৩ সালের ২৪ নভেম্বর যৌতুক বাবদ ৫০ হাজার টাকার দাবি আদায়ে ব্যর্থ হয়ে মোখলেস তার বাড়ী থেকে আকলিমাকে বের করে দেয়। পরবর্তীতে ওই বছরের ৮ ডিসেম্বর আকলিমা যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় সিআর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রথম থেকেই মোখলেস পলাতক থাকায় তার বিরুদ্ধে নিজ খরচে পেপার বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করতে হয় দরিদ্র আকলিমাকে। বিচারিক পর্যায়ে বাদী আকলিমাসহ ৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত স্বামী মোখলেসকে দোষী সাব্যস্ত করে ওই সাজা দেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট হারুনুর রশিদ মোল্লা।
এদিকে যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে রোজিনা আক্তার নামে স্ত্রীকে মারপিটের অপর এক মামলায় মিনাল মিয়া (৩২) নামে পাষন্ড স্বামীর ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের আদেশ দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ বুলবুল আহমেদ। ২৭ আগস্ট ওই সাজার আদেশ হয়। দন্ডিত মিনাল মিয়া শেরপুর শহরের বারকপাড়া মহল্লার শরাফত আলীর ছেলে। আর রোজিনা আক্তার শহরের দিঘারপাড় মহল্লার বাসিন্দা। দন্ডিত মিনাল ওই মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। উল্লেখ্য, এর আগে রোজিনা আক্তারের বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করার দায়ে মুসলিম পারিবারিক আইনের ৬ (৫) ধারার পৃথক মামলায় মিনাল মিয়াকে এক বছরের কারাদন্ড দেয় একই আদালত।

























