নকলা (শেরপুর) প্রতিনিধি : নানা আয়োজনের মাধ্যমে শেরপুরের নকলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ শনিবার সকালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনসহ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এক বিশাল শোক র্যালি নকলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে ইউএনও আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক যথাক্রমে সাবেক উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন ও শহিদুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার। হাজী জাল মামুদ কলেজে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে নকলা পাইলট মডেল হাই স্কুলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়। এছাড়া সদরের বাইরেও নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি পালিত হয়েছে।
























