স্টাফ রিপোর্টার : অর্থ আত্মসাতের অভিযোগে শেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাপ্তাহিক শেরপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও এনটিভি’র জেলা প্রতিনিধি কাকন রেজাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। ৯ আগস্ট সোমবার রাতে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় তাকে সাময়িক বহিস্কার করা হয়। সেই সাথে কেন তাকে চূড়ান্তভাবে বহিস্কার করা হবে না এবং কেন কাবের অর্থ আত্মসাতের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না- তৎমর্মে আগামী ১৫ দিনের মধ্যে উকিল নোটিশ প্রদানেরও সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া একই সভায় ক্লাবের সহযোগি সদস্য ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাধিক ব্যক্তির আনীত হুমকি ও চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে তার সহযোগি সদস্য পদ সাময়িক স্থগিত করে বিষয়টি তদন্তের জন্য সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
জানা যায়, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ওই সভায় নির্বাহী কমিটি’র ১১ সদস্যের উপস্থিতিতেই সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা জানান, প্রেস ক্লাবের ২০০৯-২০১৪ মেয়াদে সাধারণ সম্পাদক থাকাকালীন কাকন রেজার বিরুদ্ধে ২০১১ সালের বহুল আলোচিত বাণিজ্য মেলা থেকে কাবের উন্নয়নের নামে ৭৫ হাজার টাকা গ্রহণ ও তা আত্মসাতের অভিযোগ উঠে। ওই বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আরও কিছু অনিয়মসহ ওই আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অর্থ ফেরতের জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি নোটিশ পেয়েও ওই টাকা ফেরত না দেওয়ায় ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
























