অবশেষে জেলা পরিষদকে অধিক গতিশীল করতে সরকারের নীতিগত পরিকল্পনার আভাস পাওয়া গেছে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ২৯ জুলাই বুধবার নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশারফ হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ওই আভাস দিয়ে বলেন, জেলা পরিষদ নির্বাচন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
এ কথা বলার অবকাশ রাখে না যে, স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান স্তর জেলা পরিষদ। কিন্তু দেশ স্বাধীনের পর থেকে বর্তমান মেয়াদসহ একাধিক দফায় জেলা পরিষদে মনোনীত প্রতিনিধি বসানো হলেও এখনও সেখানে নির্বাচিত প্রতিনিধিদের বসানোর ব্যবস্থা করা হয়নি। শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় দফা সরকারের মেয়াদকালে অর্থাৎ ২০১১ সালের ১৬ ডিসেম্বর জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এখনও প্রশাসক দিয়েই চলছে জেলা পরিষদগুলো। আবার দলীয় বিবেচনা আর দলীয় মূল্যায়নের খাতিরে বসানো ওইসব প্রশাসকদের অধিকাংশই দলের প্রবীণ নেতা হওয়ায় তারা বয়সের ভারে ন্যুব্জ। তাদের মাধ্যমে জেলা পরিষদকে কার্যত গতিশীল করা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি প্রশাসকদের পদমর্যাদা এখনও নির্ধারিত না হওয়ায় জেলা পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে হর-হামেশাই তাদের সম্মান প্রশ্নবিদ্ধ হচ্ছে। এছাড়া ‘চেয়ারম্যান’ এর পদে প্রশাসক বসানো হলেও জেলা পরিষদে মনোনীত কোন সদস্য (পুরুষ ও মহিলা) রাখা হয়নি। যে কারণে অনেকটা খুড়িয়ে খুড়িয়েই চলছে জেলা পরিষদগুলো। ওইসব প্রশাসকদের বসানোর পর রাজনৈতিক পর্যবেক্ষক মহল আশান্বিত ছিলেন যে, খুব শীঘ্রই নির্বাচিত প্রতিনিধি বসানোর মাধ্যমে জেলা পরিষদগুলো কার্যত গতিশীল করা হবে। কিন্তু দীর্ঘ প্রায় ৪ বছর অতিবাহিত হওয়ার পরও জেলা পরিষদগুলো গতিশীল করতে সরকারের তরফ থেকে কার্যত কোন পদক্ষেপ গ্রহণ না করায় রাজনৈতিক পর্যবেক্ষক মহলসহ অনেকেই হতাশায় ভুগছিলেন। এরই মধ্যে জেলা পরিষদ নির্বাচন সরকারের সক্রিয় বিবেচনায় থাকার তথ্যে সকলেই আবারও আশান্বিত হয়ে উঠেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ক্ষুদে রাষ্ট্র বাংলাদেশ নিয়ে যেহেতু নতুন আশার আলো সৃষ্টি হয়েছে, ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, ২০২১ সালের আগেই গণতান্ত্রিক সরকারের মধ্যম আয়ের দেশ ও ২০৩০ সালের মধ্যেই উচ্চবিত্ত স্বচ্ছল ঐশ্বর্যের বাংলাদেশ গড়ার অবস্থা সৃষ্টি হয়েছে, সেহেতু বর্তমান গণতান্ত্রিক সরকারের তৃণমূলের উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে জেলা পরিষদে বহুল প্রত্যাশিত নির্বাচিত প্রতিনিধি বসানোর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবেÑ এটাই আমাদের প্রত্যাশা।
























