ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনকে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। ১৫ জুলাই বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী ও মোতালেবসহ উত্তেজিত জনতা জানায়, ভিজিএফ’র চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন তার নিজস্ব লোকজন ও প্রভাবশালীদের মধ্যে বিতরণ করে। ভিজিএফ’র চাল না পেয়ে হতদরিদ্র জনতা উত্তেজিত হয়ে উঠলে গণধোলাইয়ের শিকার হন ইউপি চেয়ারম্যান নাসির। অবস্থা বেগতিক দেখে পাশ্ববর্তী আব্দুর রাজ্জাকের বাড়িতে আশ্রয় নেন তিনি। এরপরও জনতা ঘেরাও করে রাজ্জাকের বাড়ি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ইউপি সদস্য হযরত আলী ও মোতালেবের লোকজন পূর্ব শত্রুতার জের হিসেবে তার উপর আক্রমণ করেছে।
























