স্টাফ রিপোর্টার : শেরপুরে ভেজাল সেমাই ও চানাচুর কারখানার সন্ধান পেয়েছে র্যাব। ৫ জুলাই রবিবার বিকেলে শেরপুর শহরের ৩টি এলাকায় যৌথ অভিযান চালিয়ে ওইসব ভেজাল কারখানার সন্ধান পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতে ৩ কারখানা মালিককে আর্থিক দন্ডে দন্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট তৌফিক আহমেদ। দন্ডিতরা হচ্ছেন পৌর শহরের দিঘারপাড় মহল্লার তাজ সেমাই কারখানার মালিক কামাল হোসেন (৪০), শিববাড়ি মহল্লার আরবী স্পেশাল চানাচুর কারখানার মালিক সাজেদুল কবীর (৫০) ও দূর্গা নারায়নপুর মহল্লার বন্ধু স্পেশাল লাচ্চা সেমাই কারখানার মালিক ইমরান মোল্লা (৪৫)। এদের মধ্যে কামাল হোসেন ও সাজেদুল কবীরকে ১০ হাজার টাকা করে ও ইমরান মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, রবিবার বিকেল পৌণে ৩টার দিকে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে র্যাব-১৪’র জামালপুর-শেরপুরের স্কোয়াড কমান্ডার (এএসপি) এ.জেড.এম তৈমুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আহমেদের যৌথ নেতৃত্বে অভিযান চালানো হয় ওইসব ভেজাল কারখানায়। তারা বেশ কিছুদিন যাবত ভেজাল কারখানা গড়ে তোলার মাধ্যমে ভেজাল মালামাল তৈরি ও বাজারজাত করে আসছিলেন।























