শ্যামলবাংলা স্পোর্টস : দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০-তে জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৮টি চারের সহায়তায় ৬১ বলে এ রান করেন তিনি। এছাড়া দুটি চার ও সমান সংখ্যক ছয়ের সহায়তায় ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রাইলি রুশো।
বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। এছাড়া সাকিব আল হাসান ২৪ রানের বিনিময়ে ১টি ও নাসির হোসেন ৩৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
৫ জুলাই রবিবার দুপুর ১টায় ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই আঘাত হানেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে সানি ফেরান দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে। মাশরাফির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়া আগে ভিলিয়ার্স করেন ২ রান। এরপর ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে দক্ষিণ আফ্রিকার আরেক উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কককে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে দ্বিতীয় সাফল্য এনে দেন নাসির। চতুর্থ ওভারের শেষ বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ডি কক করেন ১২ রান। ইনিংসের ১২তম ওভারে বল করতে এসে আবারও আঘাত হানেন আরাফাত সানি। এবার তার শিকার দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি। নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ডুমিনি করেন ১৮ রান।
ইনিংসের ১৪তম ওভারে বল করতে এসে ডেভিড মিলারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান সাকিব আল হাসান। মিলার করেন ১ রান।

এরপর ব্যাট করতে নামেন রাইলি রুশো। তাকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৬.৪ ওভারে দলীয় সংগ্রহে ৫৮ রান যোগ করেন ডু প্লেসিস। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৮ রানের সংগ্রহ পায় সফরকারীরা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড ওয়াইস, ওয়েইন পারনেল, কাইল অ্যাবোট, অ্যারন ফাঙ্গিসো ও কাগিসো রাবাদা।




