স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক জেলা পর্যায়ে দিনব্যাপি এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই সেমিনারের আয়োজন করে। ৫ বছর বয়স পর্যন্ত ছেলে-মেয়েদের ফরমাল এডুকেশন গ্রহণের পূর্বে এক বছর পর্যন্ত বিদ্যালয়মুখী করে তোলার মাধ্যমে আনন্দঘন পরিবেশে পড়াশোনার দিকে ধাবিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের মৌলিক ধারণা দেওয়াই ওই সেমিনারের মূল উদ্দেশ্য।
সেমিনারে নবাগত জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম প্রধান অতিথি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হায়দার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষা অফিসার (মনিটরিং ও মূল্যায়ন) মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক (পাঠ্য ও গবেষণা) মোঃ জালাল উদ্দিন মূল বক্তব্য উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ব্র্যাকের শিক্ষা বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সুজিত বনোয়ারী প্রমুখ।
সেমিনারে জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, পরিদর্শক, মডেল স্কুলের প্রধান শিক্ষক, এনজিও কর্মকর্তা ও সাংবাদিকসহ ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।



























