শ্যামলবাংলা ডেস্ক : চলতি অর্থবছরে মেধা উন্নয়নে সরকারের ব্যয় হয়েছে ২৫শ’ কোটি টাকা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ১৬ মে শনিবার রাজধানীর কৃষিবিদ কনভেনশন হলে সকাল সাড়ে দশটায় ডিজিটালাইজেশনে আইএসটিটি কর্তৃক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, মেধা উন্নয়নে বর্তমান সরকার খরচ করে যাচ্ছে। চলতি বছরে মেধা উন্নয়নে খরচ হয়েছে ২৫শ’ কোটি টাকা। অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হলেও মেধার দিক থেকে আমরা বিশ্বমানের। তবে কারিগরি শিক্ষার দিকে মানুষের আগ্রহ কম। বর্তমানে আমাদের কারিগরি শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১ শতাংশ। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকার কোনো পার্থক্য করে না বলে মন্তব্য করেন নুরুল ইসলাম নাহিদ।
তিনি জানান, সবার প্রতি আমরা সমান নজর দেই। যারা স্বাধীনতা চায়নি তারা ক্ষমতায় বসে দেশকে পেছনে ঠেলে দেয়ার চেষ্টা করেছিলো। জনগণ দেশের মালিক। তাদের টাকাই দেশ চলছে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে ডিজিটালাইজড করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হচ্ছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. এম আর খান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মোনাজ আহমেদ নূর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালিদ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আইএসটিটি এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।




