শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে নকলা পৌরসভা এসবের আয়োজন করে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য দেন টিএলসির সদস্য ও উপজেলা বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শহীদুল ইসলাম, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের শিক্ষক এএসএম নাজমুল হুদা লিটন, স্থানীয় আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টারের চিকিৎসক ডা. রিফাত হোসেন, এনজিও ফোরামের প্রতিনিধি লুৎফর রহমান, কলেজ শিক্ষার্থী মেহের আফরোজ শাওন, স্কুলশিক্ষার্থী রাইসা প্রমুখ। সভায় বক্তাগণ ডায়রিয়া ও বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি, নিরাপদ পয়ঃনিষ্কাশন এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

শোভাযাত্রা ও আলোচনা সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান আজাদ ও হিসাবরক্ষক ফেরদৌস রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও ফোরামের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




