
ইমরান হোসাইন, তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে মৌসুমের শুরুতেই আলু ও সরিষা চাষের ওপর ঝুঁকে পড়েছেন কৃষক ও কোল্ড ষ্টোর মালিকরা। ফলে এবছর রেকর্ড পরিমাণ জমিতে আলু ও সরিষা চাষবাদ হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আলুতে লোকসান করা চাষিরা ঘুরে দাঁড়াতে এবারো লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ জমিতে আলুর পাশাপাশি রেকর্ড পরিমান সরিষার চাষাবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশায় বুক বাধছেন চাষিরা।
ভুক্তভোগিরা বলছেন, গত বছর আলুর চাষাবাদ করে লাভের চেয়ে লোকসানের পরিমান বেশি হওয়ায় চাষিরা আশায় বুক বেঁধে এবছর আলু ও সরিষা চাষে ঝুকে পড়েছেন। তবে, সরিষার আবাদটি তুলে পুরোদমে বোরোর আবাদ করা যায়। একারণে চাষিরা রেকর্ড পরিমান জমিতে সরিষার চাষাবাদ করেছেন। এঅঞ্চলের ফসলের মাঠ জুড়ে দেখা যায় বিশাল আলু ও সরিষার ক্ষেত। বর্তমানে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এঅঞ্চলের কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় আলু চাষের জন্য ২ হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ পর্যন্তপ্রায় দ্বিগুণ জমিতে আলু চাষাবাদ করা হয়েছে। শুধু আলু নয় ৩শ ৫০ হেক্টর জমিতে চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও প্রায় ২ হাজার হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করেছেন চাষিরা। তবে, আলু চাষের সময় শেষ পর্যায়ে এসেও এখনও আলু চাষ করছেন চাষিরা।
এ বিষয়ে জিওল গ্রামের আলু চাষি ওমর আলী, মহসিন আলী ও কৃষ্ণপুর গ্রামের আলু চাষি আব্দুর রাজ্জাকসহ ভদ্রখন্ড গ্রামের আলু চাষি আব্দুল বারী ও আতাউর রহমান জানান, তারা প্রত্যেকেই গত বছরের তুলনায় এবছরে প্রায় দ্বিগুণ জমিতে আলুর চাষাবাদ করেছেন। তাদের আলু ক্ষেতে পরিচর্যা চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন তারা।
অপরদিকে, উপজেলার আমশো গ্রামের কৃষক মুকশেদ আলী ও মুন্ডুমালা এলাকার সরিষা চাষি কাউন্সিলর আমির হোসেন আমিন, আফসার প্রামানিক ও জালাল হোসেনসহ আরো অনেকে জানান, গত দু’বছর ধরে ধানের চাষাবাদ করে লাভের চেয়ে লোকসানের পরিমান বেশি হওয়ায় কৃষি অফিসারদের পরামর্শে খরা প্রবণ জমির ক্ষেতে ব্যাপক পরিমান জমিতে সরিষার চাষাবাদ করা হয়েছে। গত বছরের রোপণকৃত বোরো ধানের ক্ষেতে এবারে তারা প্রত্যেকে সরিষা বোপণ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বেশি ফলনের আশা করছেন তারা।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ডক্টর হাসানুল কবীর কামালী বলেছেন, বরেন্দ্র অঞ্চলের রুক্ষ লাল মাটিতে বোরো ধান চাষাবাদের পরিবর্তে চাষিরা এবারে আলু ও সরিষার ওপর বেশি ঝুঁকে পড়েছেন। তার অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে তানোরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড পরিমান জমিতে আলু ও সরিষা চাষাবাদ করেছেন চাষিরা। আবহাওয়া আনুকূলে থাকলে এ বছর আলু ও সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি।





