শ্রীবরদীতে সর্বদলীয় মাদকবিরোধী সমাবেশ
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, মাদক কারবারী যে দলের লোকই হোক না কেন কোন ছাড় নয়। শ্রীবরদীতে মাদক ব্যাপকভাবে বেড়ে গেছে। মাদক বেড়ে যাওয়ায় চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, সরকারি দল, বিরোধী দলসহ সকল রাজনীতিক দলের নেতাকর্মীরা এক সঙ্গে কাজ করবেন। মাদক চোরাচালানকারীদের কোন দল নেই। মাদক নিয়ে কেউ ধরা খেলে সরকারী দলের কোন নেতাকর্মী সুপারিশ করবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন অন্যায়কে সহ্য করবেন না, তাই সবাই সাবধান হয়ে যান। তিনি ২২ অক্টোবর বৃহস্পতিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলা তাতিহাটী নবদিগন্ত যুব কল্যাণ ফোরামের সহযোগিতায় সর্বদলীয় মাদক বিরোধী ঐক্য পরিষদের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদক আজ যুব সমাজকে সম্পূর্ণরুপে ধ্বংস করছে, সেই সাথে যুব সমাজ বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যুবকদেরকে বিভিন্ন কর্মসংস্থান, খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুবদলের আহবায়ক আবু রায়হান মো: আলবেরুনীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি শহীদুর রহমান, উপজেলা খেলাফতে মজলিসের সিনিয়র সহসভাপতি মাওলানা মো. আব্দুস সামাদ, উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মুফতি ছফির উদ্দিন, তাতীহাটি নবকল্যাণ যুব ফোরামের উপদেষ্টা রফিকুল ইসলাম মির্জা প্রমুখ।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তাতিহাটী নবদিগন্ত যুব কল্যাণ ফোরামের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।




