
শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংসের তিন দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাংসের দোকানগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ, মাংসের গুণগত মান এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান প্রতিপালনের বিষয়গুলো তদারকি করা হয়।
অভিযানকালে দোকানমালিকদের পশু জবাইয়ের আগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে।




