শেরপুরের শ্রীবরদী সীমান্তে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা। ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মারিংপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব কসমেটিকস জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মারিংপাড়া নামক স্থানে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ কসমেটিক আটক চোরাচালান হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন কর্ণঝোড়া বিওপির সদস্যরা। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত কসমেটিকস এর মূল্য প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা।
এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল ইসলাম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




