ads

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইওএস ২৭ এ মিলবে যে ৮ নতুন সুবিধা

খবর টি পড়েছেন : ৩০৬
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

বিশ্বজুড়ে আজ ১৪ সেপ্টেম্বর থেকে আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ২৭ উন্মুক্ত করছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন এই আপডেটে আইফোনের নকশা, গতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ছবি, ফাইল আদান-প্রদান ও গাড়িতে আইফোন ব্যবহারের অভিজ্ঞতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে এবারের আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ হলো আরও উন্নত সিরি। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সিরি এখন আগের চেয়ে জটিল প্রশ্ন বুঝতে এবং ব্যবহারকারীর বিভিন্ন কাজ সম্পন্ন করতে আরও সক্ষম হবে।

Shamol Bangla Ads

চলুন এবারের আপডেটের মাধ্যমে আইফোনে যে ৮ নতুন সুবিধা মিলবে তা জেনে নিই-
১. সিরির উন্নত সংস্করণ: আইওএস ২৭’র সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি হলো সিরির উন্নত সংস্করণ। এতদিন সিরিকে মূলত অ্যালার্ম বা টাইমার সেট করা, আবহাওয়ার খবর জানানো কিংবা সাধারণ কিছু কাজের জন্য ব্যবহার করা হতো। নতুন সংস্করণে সিরি আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে পারবে এবং তুলনামূলক জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে। ব্যবহারকারীর আইফোনে থাকা তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সহায়তাও দিতে পারবে সিরি। এমনকি আইফোনের পর্দায় কী দেখা যাচ্ছে, সেটিও বুঝে সে অনুযায়ী সাহায্য করার সক্ষমতা থাকবে। তবে এই উন্নত সুবিধাগুলো শুরুতে সীমিতসংখ্যক ভাষায় পাওয়া যাবে। সব আইফোন ব্যবহারকারীও এর সুবিধা পাবেন না। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিরি ব্যবহারের জন্য তুলনামূলক নতুন আইফোন থাকতে হবে ব্যবহারকারীদের কাছে।

২. কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও নতুন সুবিধা: ফটোস অ্যাপে যোগ হচ্ছে এক্সটেন্ড ও রিফ্রেম নামের নতুন সুবিধা। ছবির আকার বা বিন্যাস পরিবর্তন, ছবির কোনো অংশ নতুনভাবে সাজানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন ছবি তৈরির সুযোগ আরও বাড়ানো হয়েছে। ইমেজ প্লে গ্রাউন্ডে আরও বাস্তবসম্মত ছবি তৈরি করা যাবে। শুধু নির্দেশনা লিখে শর্টকাটস অ্যাপে নতুন শর্টকাটও তৈরি করা যাবে। এ ছাড়া হোম কিট সিকিউর ভিডিও ক্যামেরার ফুটেজের জন্য স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর বর্ণনা তৈরির সুবিধাও থাকছে।

Shamol Bangla Ads

৩. লিকুইড গ্লাস ডিজাইনে পরিবর্তন: আইওএস ২৬-এ অ্যাপল যে লিকুইড গ্লাস ডিজাইন এনেছিল, আইওএস ২৭-এ সেটি আরও পরিমার্জন করা হয়েছে। অ্যাপলের দাবি, নতুন সংস্করণে লিকুইড গ্লাসের আলো-প্রতিফলন আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং লেখা ও অন্যান্য উপাদানের কনট্রাস্টও উন্নত করা হয়েছে। অ্যাপ আইকনগুলোও এখন আরও পরিষ্কার ও বিস্তারিত দেখাবে। এ ছাড়া ব্যবহারকারীরা নতুন একটি স্লাইডারের মাধ্যমে লিকুইড গ্লাস কতটা স্বচ্ছ বা রঙিন দেখাবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন।

৪. আইফোন হবে আরও দ্রুত: আইওএস ২৭-এ শুধু নতুন ফিচারই নয়, সামগ্রিক পারফরম্যান্সেও উন্নতি করা হয়েছে। অ্যাপল বলছে, কিছু অ্যাপ আগের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত দ্রুত চালু হতে পারবে। ফটোস অ্যাপে নতুন ছবি লোড হওয়ার গতি বাড়তে পারে ৭০ শতাংশ পর্যন্ত। আর এয়ার ড্রপের মাধ্যমে ফাইল পাঠানোর গতি হতে পারে ৮০ শতাংশ পর্যন্ত বেশি।

৫. এক নম্বর দিয়ে দুই আইফোন ব্যবহারের সুবিধা: এবার নতুন আপডেটে আইফোন হ্যান্ডঅফ নামে নতুন এক সুবিধা যুক্ত হচ্ছে। এর মাধ্যমে একই ফোন নম্বর ব্যবহার করে দুটি আইফোনের মধ্যে সহজে পরিবর্তন করা যাবে। তবে এই সুবিধা চালু করতে মোবাইল অপারেটরের সমর্থন প্রয়োজন হবে। শুরুতে যুক্তরাষ্ট্রের টি-মোবাইল ও জার্মানির ডয়েচে টেলিকম এই সুবিধা দেবে। পরবর্তী সময়ে ভেরিজোন ও যুক্তরাজ্যের ইইসহ আরও অপারেটর এতে যুক্ত হওয়ার কথা রয়েছে।

৬. বিল ভাগ করা যাবে সহজেই: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন আপডেটে এসেছে অ্যাপল ক্যাশ বিল স্প্লিটিং। কোনো রেস্তোরাঁর বিলের ছবি আইফোন দিয়ে তুললে অ্যাপল ইন্টেলিজেন্স বিলের বিভিন্ন আইটেম শনাক্ত করে কে কত টাকা দেবেন, তা হিসাব করতে সাহায্য করবে। কর ও টিপের হিসাবও এতে যুক্ত করা যাবে। তবে এ সুবিধাটি আপাতত শুধু যুক্তরাষ্ট্রে অ্যাপল ক্যাশ ব্যবহারকারীদের জন্য পাওয়া যাবে।

৭. ফাইন্ড মাই অ্যাপে লোকেশন শেয়ারিংয়ে আরও নিয়ন্ত্রণ: ফাইন্ড মাই অ্যাপেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য লোকেশন শেয়ার করতে পারবেন, যেমন- চার দিন ছয় ঘণ্টা। চাইলে নির্দিষ্ট তারিখ ও সময় ঠিক করে দিতে পারবেন, কখন লোকেশন শেয়ারিং বন্ধ হবে। আবার নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে দিনের শেষ পর্যন্ত লোকেশন শেয়ারিং সাময়িকভাবে বন্ধও রাখা যাবে। অ্যাপল জানিয়েছে, সারপ্রাইজ জন্মদিনের আয়োজনের মতো পরিস্থিতিতে এই সুবিধা কাজে আসতে পারে।

৮. কারপ্লে-তে ভিডিও দেখার নতুন সুযোগ: নতুন আপডেটের মাধ্যমে কারপ্লে-তেও আসছে ভিডিও দেখার নতুন সুবিধা। সমর্থিত গাড়িতে এয়ারপ্লে ব্যবহার করে আইফোনের ভিডিও গাড়ির ডিসপ্লেতে দেখা যাবে। নতুন গাড়িগুলোতে ডেভেলপাররা এমন কারপ্লে অ্যাপ তৈরি করতে পারবেন, যেখানে ভিডিও খোঁজা ও ব্রাউজ করার সুবিধাও থাকবে।

তবে নিরাপত্তার কারণে গাড়ি চলার সময় এই ভিডিও চালানো যাবে না। গাড়ি পার্ক করা অবস্থায়, যেমন- বিমানবন্দরে অপেক্ষা করার সময় বা বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় এটি ব্যবহার করা যাবে।

কোন কোন আইফোনে আসছে আইওএস ২৭?
আইওএস ২৭, আইফোন ১১ সিরিজ এবং পরের মডেলগুলোতে পাওয়া যাবে। দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই এবং পরের মডেলগুলোও এ আপডেটটি সমর্থন করবে। তবে একটি বিষয় মনে রাখা দরকার, আইফোন ২৭ ইনস্টল করা গেলেই সব অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। সিরি এআই’র মতো উন্নত এআই ফিচারের জন্য অন্তত আইফোন ১৫ প্রো বা নতুন মডেল প্রয়োজন। সূত্র: ম্যাক্রিউমার

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়? পরবর্তী সংবাদ ১২ দিনে ২৮ লাখ ডাউনলোড হয়েছে মেটার মিউজ

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads