শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারা এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৪ আগস্ট সোমবার দুপুরে আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগার মিলনায়তনে ওইসব গাছ ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও মানবিক কল্যাণে আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃক্ষরোপণ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে এবং দুস্থদের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, নকলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. খোরশেদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বিভিন্ন প্রজাতির ১ হাজার ৫০০ গাছের চারা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নালিতাবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৫ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।




