পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কখনো কখনো পাকিস্তান ফিরলেও লাগামটা থাকছে বাংলাদেশের হাতেই। এবার সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের জয় কেবল সময়ের অপেক্ষা। তাতে পাকিস্তানের বিপক্ষে টানা চারবার টেস্ট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে পাকিস্তান। জয়ের জন্য এখনও ২৩৭ রান প্রয়োজন সফরকারীদের। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন আর ৫ উইকেট। তাহলেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৬ রান করা আব্দুল্লাহ ফজলকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার নাহিদ রানা।
ফজলের বিদায়ের পর দ্রুতই আউট হন আজান আওয়াইস। দলীয় ৪১ রানে ৪৯ বলে ২১ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মাসুদ। ৯১ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৩৩ রানে ৫২ বলে ৪৭ রান করে আউট হন বাবর। তবে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন শান মাসুদ। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় পাকিস্তান।

সৌদ শাকিল ৬ ও মাসুদ ৭১ রান করে সাজঘরে ফিরে যান। ৫৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে চা পান বিরতিতে গেছে পাকিস্তান। সালমান আঘা ২৫ ও মোহাম্মদ রিজওয়ান ১৫ রানে অপরাজিত আছেন।




