জামালপুরে রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।

এর আগে পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কপিল উদ্দিন (৬৪)। তিনি পিয়ারপুর ডাকঘরের ঘাগুরি গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত কপিল উদ্দিন জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং কানে শুনতে পেতেন না। শারীরিকভাবেও তিনি অসুস্থ ছিলেন। দুপুরে বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে স্টেশনের দিকে যাওয়ার সময় অসতর্ক অবস্থায় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির প্রতিবন্ধী কার্ড পর্যালোচনা করে জানা গেছে, তিনি সরকারি ভাতা পেতেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।




