জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট সৎ ভাইয়ের রডের আঘাতে মাথার খুলি ফেটে বড় ভাই মো. মাসুদের (৩০) মৃত্যু হয়েছে। ৭ মার্চ শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার নয়ানগর এলাকায় ওই ঘটনা ঘটে। জামালপুর জেনারেল হাসপাতালের জুরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. মাসুদ একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মমিনের ছেলে। তারা একই মায়ের সন্তান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার মাথার খুলি ফেটে যায়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





