নব্বই দশকের অন্যতম শক্তিমান ও রোমান্টিক কবি আরিফ হাসানের জন্মদিন আজ (৬ ফেব্রুয়ারি)। তিনি ১৯৭১ সালের এই দিনে শেরপুর টাউনের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক এস এম মতিউর রহমান এবং মা শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রওশন আরা বেগম।

ছাত্রজীবন থেকেই কবি আরিফ হাসানের সাহিত্যচর্চার শুরু। তিনি কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ লিখে থাকেন। তিনি ‘সাহিত্যলোক’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। এ পর্যন্ত পত্রিকাটির ১০টি সংখ্যা প্রকাশিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ক্যাম্পাস কেন্দ্রিক সাহিত্য পত্রিকা ‘শীকর’ সম্পাদনা করেন। পত্রিকাটির ৬টি সংখ্যা প্রকাশিত হয়।

তিনি ‘সাপ্তাহিক দশকাহনীয়া’ এবং শ্যামলবাংলা২৪ডটকম’র সাহিত্য সম্পাদক। তিনি কবিসংঘ বাংলাদেশ’র কার্যকরী সভাপতি। তিনি এ সংগঠনের মাসিক ভাঁজপত্র ‘অরিত্র’র প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। কবি আরিফ হাসান একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত।
এদিকে কবি আরিফ হাসান-এর জন্মদিন উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ লেখক সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি হামিদুল আলম সখা, কার্যকরী সভাপতি চৌধুরী নুরুল হুদা, সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, কবিসংঘ বাংলাদেশ এর সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক ড. আব্দুল আলিম তালুকদার ও অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক শুভেচ্ছা জানিয়েছেন।




