সান সিরোতে রবিবার রাতে স্বাগতিক ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ২৮ বছর পর ফিফা বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। এই জয়ের মাধ্যমে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট হাতে পেল নরওয়ে।

বাছাইপর্বের এই ম্যাচে শুরুটা অবশ্য ভালো করেছিল ইতালি। ১১তম মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় তারা। বাঁ-দিক থেকে ডি মার্কোর পাস থেকে বল পেয়ে এসপোসিতো তা জালে জড়িয়ে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম হাফে আর কোনো গোল করতে পারেনি দুই দলই।
দ্বিতীয় হাফে নরওয়ে যেন এক ভিন্ন রূপে হাজির হয়। ম্যাচের ৬৩তম মিনিটে নুসা নরওয়ের হয়ে সমতা ফেরান। এরপর মাত্র এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে এগিয়ে নেন তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। এই জোড়া গোলের সুবাদে হলান্ড বাছাইপর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে লারসেনের গোলে নরওয়ের বড় জয় নিশ্চিত হয় এবং এর সঙ্গে নিশ্চিত হয় তাদের ঐতিহাসিক বিশ্বকাপ প্রত্যাবর্তন।

এই জয়ের ফলে নরওয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে ২৪ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করেছে। অন্যদিকে, ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইতালিকে এখন প্লে-অফে খেলতে হবে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য।




