শেরপুরে মৃগী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর আব্দুল জলিল (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ১৭ আগস্ট রবিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা নেলুর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। মৃত জলিল কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকার আলম মিয়ার ছেলে। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলো।

এর আগে শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে গোসল করতে নামার পর সে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলার মৃগী নদীর ইলিশা ঘাটে আব্দুল জলিলসহ তিন বন্ধু গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে একপর্যায়ে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়। খবর পেয়ে শেরপুর ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত জলিলের খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে রবিবার দুপুরের দিকে মৃগীর নদীর কুঠুরাকান্দা নেলুর ঘাট এলাকায় আব্দুল জলিলের লাশ ভেসে উঠলে স্থানীয়রা তার উদ্ধার করেন।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, মৃগী নদীতে কিশোর নিখোঁজের খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে রবিবার দুপুরে ভাটির দিকে ওই কিশোরের লাশ ভেসে ওঠায় স্থানীয়রা উদ্ধার করেছেন।




