শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত ৩ বারের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি,পরবর্তীতে জেপি কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরী (৮০) আর নেই। তিনি ১৫ আগস্ট শুক্রবার দুপুর পৌণে ২ টায় জামালপুর শহরের আমলাপাড়াস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তিনি দীর্ঘদিন যাবত জটিল কিডনি রোগে ভুগছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কামারেরচর এলাকার ঐতিহ্যবাহী চৌধুরী বংশের দ্বিতীয় প্রজন্মের সিংহ পুরুষ, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত শাহ আব্দুর রহিম চৌধুরী ওরফে সুরুজ চৌধুরীর তৃতীয় পুত্র এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিক ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকাল ১০ টায় স্থানীয় চৌধুরী বাড়ি মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে জেপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।




