রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে বহু মানুষ। যাদের মধ্যে রয়েছে অনেক শিশু ও শিক্ষার্থী। এই হৃদয়বিদারক ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর এআই-নির্মিত ছবি ও ভুয়া তথ্য। এমন সময়ে বিভ্রান্তি না ছড়িয়ে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের তারকারা। কেউ কেউ রক্তদানের অনুরোধ করেছেন, কেউ শোক প্রকাশ করে বলেছেন—এটাই সময় মানুষের পাশে দাঁড়ানোর, ট্রেন্ডের নয়। ২১ জুলাই সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শোক প্রকাশ করে লিখেছেন, উত্তরার দিয়াবাড়ীর এলাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত দুঃখজনক, এমন ঘটনা মর্মাহত হয়েছি।
সবার জন্য দোয়া চাই। সবার জন্য দোয়া রইল। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, মাইলস্টোন স্কুল ও কলেজের জন্য প্রার্থনা। ধারণা হচ্ছে, ব্যাপক হতাহত হতে পারে।
এমন ঘটনায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। সেখানে কাউকে দেখা যায় অ্যাম্বুল্যান্সে তুলতে। কারো শরীর পুড়ে গেছে। আতঙ্কিত ঘটনা নিয়ে শোক প্রকাশ করে গায়িকা আঁখি আলমগীর লিখেছেন, মাইলস্টোন কলেজ দিয়াবাড়ী ক্যাম্পাসের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আমি আতঙ্কিত। আহা, কী অসহায় আমরা।
আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন। সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান। তিনি লিখেছেন, উত্তরা মাইলস্টোনের ট্র্যাজেডিতে শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।

শোনা যাচ্ছে, এ ঘটনায় আহতের সংখ্যা বাড়ছে। আহত ব্যক্তিদের জন্য রক্ত দরকার। অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, যারা উত্তরার আশপাশে আছেন, রক্ত দিতে পারবেন; তারা আশপাশের হাসপাতালে চলে যান। অভিনেত্রী সাদিয়া আয়মানও একই কথা লিখেছেন, উত্তরা আধুনিক, মনসুর আলী মেডিক্যালে প্রচুর রক্তদাতা লাগবে। প্লিজ, এগিয়ে আসেন।

আতঙ্কিত হওয়ার মতো ঘটনার মধ্যে রয়েছে অনেক শিশু আহত হওয়া খবর। এসব শিশু ও হতাহতদের জন্য সাহায্য কামনা করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। তিনি লিখেছেন, আল্লাহ দয়া করে সাহায্য করুন এবং নিষ্পাপ আত্মাদের রক্ষা করুন। শিশু, শিক্ষক এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা রইলো।
বিমান দুর্ঘটনায় কেউ কেউ এআই দিয়ে ছবি বানিয়ে পোস্ট করছেন। এতে অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এ নিয়ে গায়ক ও গীতিকার লুৎফর হাসান লিখেছেন, বিমান দুর্ঘটনা নিয়ে ট্রেন্ডি পোস্ট দিতে গিয়ে এআই দিয়ে ছবি বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে দূরে থাকুন। যেহেতু দুর্ঘটনা, তাতে হতাহতের ঘটনা ঘটতেই পারে। কারো হতাহতের খবর আপনার ট্রেন্ড না হোক। ইতিমধ্যে প্রচুর এআই ছবি দেখতে পাচ্ছি, যা খুবই দুঃখজনক।
উত্তরায় মাইলস্টোন কলেজের একাধিক শিক্ষার্থীর আহত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। পরিচালক মোস্তফা কামাল রাজ লিখেছেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটা খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক। আল্লাহ তুমি রহম করো, সবাইকে নিরাপদে রাখো। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাদের জন্য সহায় হোন।




