মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে এসেছিলেন ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার খুশি ভাগাভাগি করতে। জানাতে চেয়েছিলেন নিজের স্বপ্নপূরণ, দল পরিচালনায় ভবিষ্যতের কথা। অথচ তাকে সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময় উত্তর দিতে হয়, নাজমুল হোসেন শান্তর কাছ থেকে নেতৃত্ব পাওয়ার প্রক্রিয়ার নৈতিকতা প্রসঙ্গে।

শান্তর কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে তাকে দেওয়ায় দোষ দেখেন না কেউই। প্রশ্ন উঠেছে শান্তকে বাদ দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। পেশাদারিত্ব উপেক্ষা করে নেতৃত্বের হাতবদল দলে অস্বস্তি বাড়াবে কিনা জানতে চাওয়া হলে মিরাজ বলেন, তেমন কিছু হওয়ার সম্ভাবনা কম। তিনি বরং আশাবাদী শান্তর কাছ থেকে সহযোগিতা পাওয়ার ব্যাপারে।
মিরাজের এই আত্মবিশ্বাসের কারণ– বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব বুঝে নেওয়ার আগে ২ বন্ধুর মুখোমুখি বসা। নাজমুল আবেদীন নিজের কার্যালয়ে শান্ত-মিরাজকে ডেকে নেতৃত্বে অনিবার্য পরিবর্তনে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সিদ্ধান্তের কথা জানান। বিসিবির সভাপতির ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে শান্ত নেতৃত্বের পরিবর্তনের বিষয়টি মেনে নেওয়া ছাড়া কিছু করার ছিল না বলে জানান বোর্ডের এক কর্মকর্তা।

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি২০ সিরিজ চলাকালে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের সঙ্গে টেস্ট-ওয়ানডে নেতৃত্ব নিয়ে আলোচনা হয় শান্তর। বিসিবির পক্ষ থেকে তাকে বলা হয়েছিল দীর্ঘ মেয়াদে নেতৃত্ব দেওয়া হবে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার ব্যাপারে আশ্বাস পেয়েছিলেন তিনি। বিসিবি সভাপতি বুলবুল চাওয়ায় ১০ দিনের ব্যবধানে সে সিদ্ধান্তে পরিবর্তন এসেছে বলে জানান জাতীয় দলসংশ্লিষ্ট এক কর্মকর্তা।
বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের অনলাইন সভায় ৩ সংস্করণে ৩ অধিনায়ক করার পরিকল্পনার কথা জানান বোর্ড সভাপতি। প্রস্তাবের পক্ষে-বিপক্ষে পরিচালকদের মতামত থাকলেও সভাপতি অনড় থাকেন বলে জানা গেছে। বিশেষ করে নাজমুল হাসান পাপনের সময়ে তিন সংস্করণে তিন অধিনায়ক নীতি ব্যর্থ হওয়ার ঘটনা তুলে ধরা, পঁচিশ বছর আগে বুলবুলের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার প্রসঙ্গ উঠেছে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থামাতে। তাতেও সভাপতির মন নরম হয়নি।
এ ব্যাপারে একজন কর্মকর্তার অভিমত হলো, সভাপতি হয়তো কিছু একটি করে দেখাতে চাচ্ছেন। তাই পরিবর্তনটা এভাবে হলো।’ হোয়াটসঅ্যাপে সংযোগ না পাওয়ায় এ ব্যাপারে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বুলবুলের মতামত জানা যায়নি।
নেতৃত্বের হাতবদল যেভাবেই হোক, মিরাজ তাতে খুশি। প্রাথমিকভাবে এক বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে তাকে। এর প্রতিক্রিয়ায় মিরাজ সংবাদ সম্মেলনে বলেন, আমি জানি না, তারা (বোর্ড) কীভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমি যতটুকু জানি বোর্ড সভার মাধ্যমেই সিদ্ধান্ত হয়।




