শেরপুরে ভ্রাম্যমাণ বইমেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৪ মার্চ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ডিসি উদ্যান মুক্তমঞ্চে আয়োজিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।

বইমেলার সংগঠক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি-সাংবাদিক রফিক মজিদ।
এর আগে সোমবার দুপুরে বইমেলা প্রাঙ্গনে গ্রামের দৃশ্য, নবান্ন উৎসব ও বসন্ত উৎসব নিয়ে তিনটি পৃথক গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে মঙ্গলবার পুরস্কার বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ বইমেলার আয়োজকরা জানান, কাগজের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সারাদেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শেরপুরে ৪ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়। বইমেলায় বিশ্বের নামি-দামি লেখক এবং প্রকাশকের প্রায় ১০ হাজার বইয়ের সমাহার রয়েছে।




