আরিফ হাসান
তালাত মাহমুদ ছিলেন স্বনামধন্য কবি, গীতিকার, গল্পকার, প্রথিতযশা সাংবাদিক, খ্যাতিমান কলামিস্ট এবং একজন সুদক্ষ সংগঠক। তিনি দেশের অন্যতম জাতীয় সাহিত্য সংগঠন ‘লেকশি’ (বাংলাদেশ লেখক কল্যাণ শিবির)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৫৭ সালের ২০ আগস্ট শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোণায় এক সম্ভ্রান্ত ও উচ্চ শিক্ষিত মুসলিম পরিবারে তার জন্ম।

সত্তরের দশক থেকে কবিতার সাথে তালাত মাহমুদের পথচলা। আমৃত্যু তিনি কবিতার সাথেই ছিলেন। তার কবিতায় আছে প্রেম, বিরহ এবং রোমান্টিকতা। আছে আমাদের যাপিত জীবনের খন্ড খন্ড চিত্র। সমকালীন রাজনীতি এবং সমাজচিত্রও উঠে এসেছে তার কবিতায়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘স্বর্গের দ্বারে মর্ত্যের চিঠি’ প্রকাশিত হয় ১৯৭৫ সালে। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘গীতিলতিকা’ প্রকাশিত হয় ১৯৭৯ সালে। তার তৃতীয় কাব্যগ্রন্থ ‘লোকহীন লোকারণ্য’ প্রকাশিত হয় ১৯৯৯ সালে। নিরলস সাহিত্যচর্চার জন্য তিনি আশির দশকের সাড়া জাগানো ‘জিলবাংলা সাহিত্য পুরষ্কার’ লাভ করেন।
তিনি অধুনালুপ্ত ‘সাপ্তাহিক জনকণ্ঠ’-র প্রধান সহকারী সম্পাদক, ‘সাপ্তাহিক পূর্বকথা’র প্রধান সম্পাদক, ‘দৈনিক ঢাকা রিপোর্ট’-এর সহকারী সম্পাদক, ‘দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন’-এর সহযোগী সম্পাদক এবং ‘সাপ্তাহিক শেরপুর’-এর ভারপ্রাপ্ত সম্পাদকসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ছিলেন শেরপুরের কবিদের অভিভাবক। শেরপুরের কবিদের সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান অসামান্য। ‘কবি সংঘ বাংলাদেশ, শেরপূর থেকে সারাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে তিনি গড়ে তোলেন ‘কবি সংঘ বাংলাদেশ’। তার লক্ষ্য ছিল শেরপুর জেলাকে একটি বহুমাত্রিক জেলায় উন্নীত করা। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। উল্লেখ্য ‘কবি সংঘ বাংলাদেশ’ ১৯৯৯ সাল থেকে তৃণমূলের কবি-সাহিত্যিকদের সংগঠিত করে সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্র তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ‘আমরা তোমাদের সন্তান’ নামে একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করেন।
তিনি ২০২৪ সালের ৩ মার্চ শেরপুরে মৃত্যুবরণ করেন। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের একজন তালাত মাহমুদ ছিলেন। তার প্রস্থানে পতন হয়েছে একটি নক্ষত্রের। অপ্রত্যাশিতভাবে তার চলে যাওয়ায় শেরপুরের সাহিত্য অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই পূরণ হবার নয়।
আজ ৩ মার্চ কবি তালাত মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী। তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।
লেখক : কবি, সাহিত্য সম্পাদক, শ্যামলবাংলা২৪ডটকম।




