যথাযথ ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪৬টি গীর্জায় খ্রিষ্টভক্তরা তাদের বৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন পালন করেছেন।

যিশু খ্রিষ্টের জন্ম দিন তথা বড় দিন পালন উপলক্ষে ২৫ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীর গীর্জায় বিশেষ উপাসনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক শত খ্রিষ্টভক্তরা অংশ গ্রহণ করেন। সকাল সাড়ে দশটার দিকে বড় দিনের কেক কাটা হয়।
এছাড়া খ্রিষ্টমাস ট্রিকে বর্ণিল সাজে সাজানো হয়। পরে বেলা বারোটার দিকে ধর্মপল্লীর মাঠে এক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারোমারী খ্রিষ্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী।

কর্তৃপক্ষ জানান, বড় দিন পালন উপলক্ষে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত থেকে খ্রিষ্টভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বড় দিন উৎসবে নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা তাদের টহল জোরদার করেন।




