শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল ধ্বংস এবং ৩ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

৭ জুলাই রবিবার দুপুরে উপজেলা সদর বাজারে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। সেইসাথে জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




