শেরপুরের নালিতাবাড়ীতে ৪শ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৫ জুলাই শুক্রবার রাতে উপজেলার পূর্ব সমেশ্চুড়া মধুটিলা ইকোপার্কের গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইসমাইল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বালিথুবা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। বর্তমানে সে কুমিল্লার জেলার বুড়িচং থানার লড়িবাগ মধ্যপাড়া এলাকায় বসবাস করে। শনিবার সকালে মাদক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল মধুটিলা ইকোপার্কের গেইটের সামনের পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে ইসমাইল হোসেনকে আটক করে তার দেহ তল্লাসী করলে ৪শ ইয়াবা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ইসমাইল ইয়াবা বিক্রির জন্য কুমিল্লা থেকে নালিতাবাড়ীতে এসেছিল। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




