জয় পেলে নিশ্চিত করে সুপার এইট। হারলেই পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে। এমন ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় নেপালের বিপক্ষে নড়বড়ে পুঁজি পেয়েছে বাংলাদেশ। নেপালকে ১০৭ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।

সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নেপালের অধিনায়ক রোহিত পৌড়েল। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বলে ৪ রান করে বোল্ড হন শান্ত। তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন লিটন।

দলীয় ২১ রানে ১২ বলে ১০ রান করে আউট হন লিটন। এরপর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়। তার বিদায়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। তবে দলীয় ৫২ রান করে ১৩ বলে ১৩ রান করে রান আউট হন মাহমুদউল্লাহ ।
এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ১৭ রান করেন সাকিব।




