শেরপুরে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। ২৭ এপ্রিল শনিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের উলামা ক্বেরামের আয়োজনে বয়রাপরাণপুর গ্রামের ভাটারা ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ওই ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

ইসতিসকার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন উপস্থিত উলামায়ে ক্বেরাম। পরে সবাইকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন জেলা ইত্তেফাকুল ওলামার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম কাসেমি। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ’র কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লীরা। ওইসময় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা মিজানুর রহমান, ইত্তেফাকুল ওলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হালিমসহ প্রায় ৫ শতাধিক মুসল্লী নামাজে অংশ নেন।

নামাজ শেষে মুসল্লীদের জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করা হয়।




