রোমান্টিক ড্রামা ফেস্টিভালের আয়োজন করেছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। আর এই রোমান্টিক ড্রামা ফেস্টিভালের স্পন্সর হিসেবে আছে ক্লোজআপ।যদিও তারা প্রতিবছর ভালোবাসার মাসে কাছের গল্প শিরোনামে আলাদা করে ভ্যালেন্টাইনের গল্প থেকে নাটক নির্মাণের উদ্যোগ নেয়।

জানা যায়, জনপ্রিয় ছয় তারকাকে নিয়ে তিনটি প্রেমের গল্পে সাজানো হচ্ছে এই উৎসব। ভালোবাসা দিবসের বাইরে বিশেষ নাটক নিয়ে দেশে এমন উৎসব হয়নি আগে।
প্রথমবারের মতো এমন উৎসব আয়োজন প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির প্রধান এস কে সাহেদ আলী পাপ্পু জানান, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এই উৎসব শুরু হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

উৎসবের প্রথম পর্বে থাকছে তিনটি বিশেষ নাটক। এর মধ্যে থাকছে জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরি’, প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘হৃদয়ে হৃদয়’। যাতে জুটি হয়ে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত ছয়জন তারকা―জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, ফারহান আহমেদ জোভান, তটিনী, তৌসিফ মাহবুব ও নীহা।
আয়োজন প্রসঙ্গে পাপ্পু বলেন, ‘আমরা বরাবরই চেয়েছি গানে ও নাটকে মানসম্পন্ন কিছু উপহার দিতে। ক্লোজআপকে সঙ্গে পেয়ে আমাদের সেই যাত্রা আরো উৎসবমুখর হলো। আমরা বিশ্বাস করি, সামনে আরো বড় পরিসরে এই উৎসব করতে পারব।’
সিএমভি সূত্রে জানা গেছে, ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভাল’-এ স্থান পাওয়া নাটকগুলোর বিস্তারিতসহ শিগগিরই উৎসবের সময়সূচি প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে।
























