ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে চড়াও হয়ে খেলতে থাকে আফগানিস্তান। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের কেউই পারছিলেন না উইকেট নিতে। সতীর্থদের কেউ যখন পারছিলেন না আফগানদের থামাতে, তখন অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে।

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান-আফগানিস্তানের এই দুই ওপেনারের শুরুটা হয়েছিল আক্রমণাত্মক। প্রথম ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ৪৭ রান। দলীয় ৪৭ রানেই আফগানদের উদ্বোধনী জুটি ভেঙেছেন সাকিব। নবম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে স্লগ সুইপ করেন ইব্রাহিম জাদরান। ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন তানজিদ হাসান তামিম। ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করেন ইব্রাহিম। নবম ওভারে সাকিব দিয়েছেন মাত্র ১ রান। আর প্রথম ১০ ওভার শেষে আফগানদের স্কোর হয় ১ উইকেটে ৫০ রান।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামা রহমত শাহকে নিয়ে আরও একটি বড় জুটি গড়ার পথে এগোতে থাকেন গুরবাজ। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাকিব। ১৬ তম ওভারের প্রথম বলে সুইপ করতে যান রহমত। টপ এজ হওয়া বল মিড অফে সহজে লুফে নেন লিটন দাস। ২৫ বলে ১ চারে ১৮ রান করেন রহমত। দ্বিতীয় উইকেটে রহমত-গুরবাজের ৪১ বলে ৩৬ রানের জুটি ভেঙে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে আফগানদের স্কোর ২ উইকেটে ১১২ রান। গুরবাজ ৪৭ রানে ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী ১৮ রানে ব্যাটিং করছেন।

তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম বাংলাদেশের এই চার ক্রিকেটার আজ খেলছেন বিশ্বকাপের প্রথম ম্যাচ। তামিম, শান্ত, হৃদয়ের সঙ্গে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস এই তিন অভিজ্ঞ ব্যাটার। অলরাউন্ডার হিসেবে খেলছেন সাকিব ও মেহেদী হাসান মিরাজ। শরীফুল, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান-একাদশে আছেন এই তিন পেসার।
অন্যদিকে রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান-আফগানিস্তানের একাদশে আছেন তিন স্পিনার। পাশাপাশি আছেন ফজলহক ফারুকি, নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাই এই তিন পেসার। যেখানে এই ম্যাচ দিয়ে ২ বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে ফিরেছেন নাভিন।

























