সামাজিক নিরাপত্তার ১২৫টি কর্মসূচি সম্মিলিতভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ মাহমুদুল হোসাইন খান। এ ব্যাপারে জোরদার মনিটরিং করার জন্য পরিচালক ও উপ-পরিচালক স্থানীয় সরকার ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করে তিনি বলেন, সুষ্ঠু ও মেধাবী জাতি গঠনে শিশু কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।

২ সেপ্টেম্বর শনিবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও শিশু কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে দু’দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে ময়মনসিংহ ও শেরপুর জেলার সংশ্লিষ্টরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব (সমন্বয় অনুবিভাগ) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় পরিচালক স্থানীয় সরকার ফরিদ হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খালিদ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান ও শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম প্রমুখ।

মন্ত্রিপরিষদ বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার আয়োজিত এই কর্মশালায় ২টি জেলার জেলা প্রশাসক, সকল উপ-পরিচালক স্থানীয় সরকার, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।




