ইচ্ছা করলে অনায়াসে আরও দু-তিন বছর খেলতে পারতেন। কিন্তু ফর্মের তুঙ্গে থাকতে বিদায় নেওয়াটাকে শ্রেয় ভাবলেন স্টুয়ার্ট ব্রড। এমন বিদায়ে আক্ষেপে পুড়ছে ক্রিকেট রোমান্টিকরা। ইতিহাসের ঐতিহ্য হয়ে ওঠা অ্যান্ডারসন-ব্রড জুটিকে আর দেখা যাবে না। আর ইংল্যান্ড হারাল এক যোদ্ধাকে, যিনি কিনা কখনোই হারার আগে হারেন না। অদম্য এই মানসিকতার জন্যই চিরশত্রু অস্ট্রেলীয়দের কাছে তিনি ছিলেন ‘পারমানেন্ট ভিলেন’। তাঁর বিদায়ে অস্ট্রেলিয়া কি স্বস্তির নিঃশ্বাস ফেলবে, নাকি এমন একজন চ্যাম্পিয়নের প্রতিদ্বন্দ্বিতা মিস করবে?

ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে আচমকাই অবসরের ঘোষণা দেন ব্রড। এর পর থেকেই চলছে তাঁর বিদায়ের আনুষ্ঠানিকতা। চতুর্থ দিন সকালে ব্যাটিং করতে নামেন তিনি বোলিং পার্টনার জেমস অ্যান্ডারসনকে নিয়ে। দু’পাশে সারিবদ্ধভাবে অস্ট্রেলিয়ানরা দাঁড়িয়ে চিরশত্রু ব্রডকে বিদায়ী সম্মান জানান। ভিলেন হিসেবে অস্ট্রেলিয়ানরা তাঁকে যেমন চিরশত্রু হিসেবে দেখত, সেই শত্রুর বিদায় বেলায় এমন সম্মান দেওয়াটাও অবশ্যই বিশেষ কিছু।
এমনকি ব্রডের স্থায়ী শিকারে পরিণত হওয়া (১৮ বার আউট করেছেন) ডেভিড ওয়ার্নার পর্যন্ত ভীষণ আন্তরিকতায় জড়িয়ে ধরে অভিবাদন জানান। গত ১৬টি বছর তাদের অদম্য শত্রু ছিলেন ব্রড। অ্যাশেজে কোনো ইংলিশ বোলার তাঁর চেয়ে বেশি অস্ট্রেলিয়ানকে আউট করতে পারেননি। তিনি ছিলেন অসিদের জন্য কাঁটার মতো। তাদের বেকায়দায় ফেলেই নাকি এ পেসারের আনন্দ হতো। অবশ্য ১৬৭ টেস্টের ক্যারিয়ারে সব প্রতিপক্ষের বিপক্ষেই নিজেকে উজাড় করে দিতেন ব্রড। যার প্রতিফলন দেখা যায় তাঁর পারফরম্যান্সে।

টেস্টে ৬০২ উইকেট, অসাধারণ সব ম্যাচ জেতানো পারফরম্যান্স, ঈর্শনীয় সব রেকর্ড। সবকিছু ছাপিয়ে ব্রড নিজেকে একজন যোদ্ধা হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন। তাঁর এ যোদ্ধা হয়ে ওঠার পেছনেও রয়েছে ইতিহাস। ২০০৭ টি২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের কাছে ছয় ছক্কা হজমের পর নাকি তিনি বুঝতে পারেন, আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করার মতো এখনও উপযুক্ত নন তিনি। এরপরই নিজেকে নতুন করে গড়ে তোলার লড়াই শুরু করেন। তখন থেকেই নিজেকে যোদ্ধা মনে করতে শুরু করেন ব্রড। অবশ্য ব্রডের জীবনে লড়াইয়ের সূচনা আরও অনেক আগে থেকেই।
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার ক্রিস ব্রড ও স্কুল শিক্ষিকা ক্যারলের ঘরে নির্দিষ্ট সময়ের তিন মাস আগেই জন্ম হয় তাঁর। জন্মের সময় তাঁর ওজন এক কেজিও ছিল না। আগেভাগে পৃথিবীর আলোয় চলে আসায় এক মাস ইনকিউবেটরে লড়াই করে সদম্ভে ফিরে আসেন ছোট্ট ব্রড। তাঁর ক্রিকেটার হয়ে ওঠার পেছনেও রয়েছে মজার ঘটনা। ১৫-১৬ বছর পর্যন্ত তিনি ছিলেন হকির গোলরক্ষক। শেষ পর্যন্ত পিতার পথ ধরে ক্রিকেটে আসতে হয়। টেস্ট ইতিহাসে কিংবদন্তি এ পেসার শুরুতে কিন্তু বাবার মতোই ব্যাটার ছিলেন, যিনি কিনা পার্টটাইম বোলিং করতেন। কিন্তু অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে পুরো দস্তুর পেসার হয়ে যান। এরপরের ইতিহাস তো সবার জানা।

























