শেরপুরের নকলায় প্রতিবেশী এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে পারভেজ মিয়া (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থী ও তার মা-বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে উদ্ধার করা হয়েছে ওই স্কুলছাত্রীকে। ১৫ মে সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করে। ঘটনাটি শেরপুরের নকলা পৌরসভার জালালপুর মহল্লার।

জানা গেছে, পারভেজের বাবা মঞ্জু মিয়া স্ত্রীকে নিয়ে গাজীপুরের চৌরাস্তা এলাকায় ভাড়া করা বাড়িতে থাকতেন। তিনি পেশায় পিকআপ চালক। পারভেজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানঁপুর এলাকায় নানাবাড়িতে থাকত। এ বছর সে একই উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। ভিকটিম স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
পারভেজ এবং ওই শিক্ষার্থী একই মহল্লার পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ার সুবাদে পারভেজের সাথে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১০ মে রাতে পারভেজ ওই স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে স্কুলছাত্রীর বাবা অপহরণের অভিযোগ এনে পারভেজ ও তার মাবাবার বিরুদ্ধে নকলা থানায় লিখিত অভিযোগ করেন।
পরে পুলিশ ১৫ মে সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকায় পারভেজের বাবার ভাড়া করা বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় পারভেজ ও তার মাবাবাকে।
পারভেজের বাবা মঞ্জু মিয়া জানান, আমার ছেলে কাউকে অপহরণ করেনি। প্রেমের টানে আমার ছেলেকে নিয়ে ওই ছাত্রী বাড়ি থেকে পালিয়েছিল।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার এসআই সাদ্দাম হোসেন জানান, স্কুলছাত্রীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে পারভেজসহ তার মাবাবাকে। ১৬ মে মঙ্গলবার স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পারভেজ ও তার মা-বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




