শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামে স্বামী পরিত্যক্তা কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী আলাল উদ্দিনকে (৩০) আটকের পর পুলিশে সোপর্দ করেছে র্যাব-১৪ জামালপুর। ১২ মে শুক্রবার বিকেলে জামালপুর সদরের তুলশিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাল উদ্দিন নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী কিশোরীকে বাড়িতে একা রেখে মা তার ছোট ভাইকে নিয়ে বিড়ালের কামড়ের ভ্যাকসিন দিতে শেরপুর যান। বাবা জীবিকার তাগিদে কাজে বাড়ির বাইরে ছিলেন। এমতাবস্থায় অভিযুক্ত আলাল উদ্দিন জনশুন্য ওই বাড়িতে প্রবেশ করে এবং কিশোরীর সাথে শারীরিক সম্পর্কে জড়ায়।
পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে কিশোরীর মা সহিতন বেগম ১৮ ফেব্রুয়ারি নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত আলাল পলাতক ছিল। পরে গত শুক্রবার বিকেলে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার নেতৃত্বে তাকে গ্রেফতার করে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে।




