একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শেরপুর সদর উপজেলার ঐতিহাসিক সূর্যদী গণহত্যা’র ঘটনা অবলম্বনে নির্মিত ‘সূর্যদীর গল্প’ নাটকটি শেরপুর জেলা পুলিশের উদ্যোগে দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটির মঞ্চায়ন উপভোগ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো। ওইসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য-সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ নাটকটির মঞ্চায়ন উপভোগ করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ নভেম্বর সকাল ৮টায় স্থানীয় রাজাকারদের নির্দেশে শেরপুর সদর উপজেলার সূর্যদী গ্রামে পাক হানাদার বাহিনী নিরীহ মানুষের উপর ঝাপিয়ে পড়ে। সেদিন গ্রামবাসী কিছু বুঝে ওঠার আগেই পাক বাহিনীরা ছুঁড়তে থাকে এলোপাতাড়ি গুলি এবং পুড়িয়ে ছাই করে দেয় প্রায় দুইশ’ ঘরবাড়ি।

ওই সময় গ্রামের একটি ধানক্ষেতে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন দূর থেকেই ফাঁকা গুলি করতে থাকেন। গুলির আওয়াজ পেয়ে পাকবাহিনীরা লাইনে দাঁড় করানো লোকদের ফেলে রেখে ছুটে যায় তার সন্ধানে। পরে পাকসেনারা মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন ও সূর্যদী গ্রামের মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানকে একটি ধানখেতে নির্মমভাবে হত্যা করে। সেদিন মুক্তিযোদ্ধা আফছারের আত্মত্যাগের বিনিময়ে প্রায় পঞ্চাশ জন নিরীহ গ্রামবাসী প্রাণে বেঁচে যায়। সেইসাথে শহীদ হয় গ্রামের মোট ৪৯ জন নিরীহ মানুষ।
সেদিনের ঘটনা অবলম্বনে ‘সূর্যদীর গল্প’ নাটকটি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম মহোদয়ের গবেষণা ও সার্বিক তত্ত্বাবধানে রচনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহম্মেদ পিপিএম ও শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশংকর কারুয়া শিবু। নাটকটি জেলা পুলিশের আয়োজনে ২য় বার পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে সফল মঞ্চায়ন অনুষ্ঠিত হলো।
























